আল-জাজিরা: অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ পরিচালনা শেষে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকেই তাঁকে আটক করা হয়।
জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিসের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তবে কোন অভিযোগে বা কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের আগমন প্রতিরোধে কড়াকড়ি আরোপ ও গ্রেপ্তার অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। সর্বশেষ খতিব শেখ খালেদকে গ্রেপ্তারের এই ঘটনা পবিত্র স্থানটিতে ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতা হরণ ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন করে চরম ক্ষোভ ও বৈশ্বিক উদ্বেগের জন্ম দিয়েছে।