ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩, ১৬ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করবে না সরকার: আইজিপির মন্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী



বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করবে না সরকার: আইজিপির মন্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি জানান, কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা হেফাজতে মৃত্যু বরদাশত করা হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, আইজিপি আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন, যা ঠিক বা উচিত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকার ক্রসফায়ার চায় না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও কাস্টডিয়াল ডেথ রোধে সরকার অত্যন্ত কঠোর। আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”

এর আগে সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির মন্তব্য করেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। তিনি দাবি করেন, পুলিশ বলপ্রয়োগ করলে একপক্ষ ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে।

আইজিপির এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, এই মন্তব্য সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। তিনি উল্লেখ করেন, যে দল দীর্ঘদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করেছে, সেই সরকারের আমলে পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা উদ্বেগজনক।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, অপরাধ দমনে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হলেও সংবিধান ও আইনি কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।


   আরও সংবাদ