থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসের আলম সিদ্দিকী নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া গত জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে। পাশাপাশি ভারতে পলাতক থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যাতায়াত করতেন বলেও গোয়েন্দা তথ্য রয়েছে। সম্প্রতি দেশে আত্মগোপনে থাকা দলীয় কর্মী-সমর্থকদের পুনরায় সংগঠিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন।