বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ঐতিহ্যবাহী এ যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনাসভাসহ দুই দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও মানবিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এরপর দুপুর ১২টায় নয়াপল্টনস্থ যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হবে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেবেন।
কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি মঙ্গলবার জেলা ও মহানগর পর্যায়ে এবং আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) উপজেলা, থানা ও পৌর পর্যায়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক কর্মসূচির বাইরে সামাজিক দায়বদ্ধতা থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মতো নানা মানবিক উদ্যোগ নিয়েছে সংগঠনটির শাখা ইউনিটগুলো।