স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ এবং বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। পরে এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা জোগান দেওয়া হবে।
খাতভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কার্যক্রম সম্প্রসারণে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা এবং ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
স্বাস্থ্য খাতে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং চরফ্যাশনে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পাবনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার তিনটি প্রকল্প এবং গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে এইচবিবি রাস্তা নির্মাণ প্রকল্পের সংশোধনী অনুমোদন পেয়েছে। এ ছাড়া কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় বেড়িবাঁধ পুনর্বাসনে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে জানানো হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, মৎস্যসম্পদ উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ ও ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের মতো প্রকল্প রয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।