ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩, ১৪ জ্বমাদিউল সানি ১৪৪৮

গোপালগঞ্জে সহিংসতা : ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ



গোপালগঞ্জে সহিংসতা : ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। পাশাপাশি তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার ছাড়াও ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতার নাম।

এনবিআরের শীর্ষ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া সহিংসতায় অর্থায়নের অভিযোগে আরও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খতিয়ে দেখছেন এনবিআরের গোয়েন্দারা। তবে এসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।

জানা গেছে, এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট এসব আর্থিক হিসাব অনুসন্ধানে কাজ করছে। এগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোয়েন্দা দলগুলো যৌথভাবে ব্যাংক হিসাব যাচাইয়ের কাজ করছে।

এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব ব্যক্তির কর নথির সঙ্গে তাদের আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও এমএফএসের তথ্য মিলিয়ে দেখছে। তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে।

জানা যায়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, ভাইস-চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছাও রয়েছেন হিসাব অবরুদ্ধ ও তল্লাশির তালিকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ জেলায় আন্দোলনের সময় এসব ব্যক্তি মাঠের রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত। তাদের আর্থিক সংশ্লিষ্টতার প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতে ব্যাংক হিসাব অবরুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এবং অর্থ দিয়ে সক্রিয় থাকায় তাদের ব্যাংক হিসাব ও ডিজিটাল লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য হিসাব জব্দ করা হচ্ছে এবং লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একাধিক সহিংসতা, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।


   আরও সংবাদ