ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩, ১৪ জ্বমাদিউল সানি ১৪৪৮

আ'লীগকে স্থায়ী নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট



আ'লীগকে স্থায়ী নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

জাতীয় সংসদে আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গণঅভ্যুত্থানে আহত সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির জনস্বার্থে এ রিট দায়ের করেন। এর আগে ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও জবাব না পেয়ে রিটটি করা হয়।

রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও তথ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিএফআইইউ প্রধানসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীদের দাবি, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করা হলেও তা স্থায়ী সমাধান নয়। তাই আইন বা অধ্যাদেশের মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ, বিলুপ্ত এবং এর সম্পদ বাজেয়াপ্ত করা প্রয়োজন।

রিট আবেদনে অভিযোগ করা হয়, সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছরের ১০ নভেম্বর থেকে দেশজুড়ে দলটি ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ অগ্নিসংযোগ, হত্যা এবং থানা, হাসপাতাল ও গ্রামীণ ব্যাংকের শাখাসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এছাড়া রিটকারীদের মতে, গত ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রী দলটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন এবং ভারতে অবস্থানরত দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ পলাতক নেতারা গণমাধ্যম ও অডিও বার্তার মাধ্যমে দেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন।

আবেদনে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ কমিটিকে ১৯৭২-৭৫ সালের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর অভিযান, ২০০৯-২০২৪ সময়ের গুম-খুন, অর্থপাচার এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত সব সহিংসতার তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আর্জি জানানো হয়। পাশাপাশি দেশ-বিদেশে দলটির অর্থের উৎস চিহ্নিত করে তহবিল জব্দ করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-কে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকারগুলোকে দলটির কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করা, যুক্তরাষ্ট্রের আইনের অধীনে দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটন দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ জানানো, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে অনুরোধ করা এবং দণ্ডিত আসামিদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।


   আরও সংবাদ