ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩, ১৫ জ্বমাদিউল সানি ১৪৪৮

দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন জিয়াউল



দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন জিয়াউল

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তার দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তি উপস্থাপনের তৃতীয় দিনে প্রসিকিউশন পক্ষে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, জিয়াউল আহসানের বিচার কেবল কিছু ভুক্তভোগীর ন্যায়বিচার নয়, বরং সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার বিচার। জনগণের করের টাকায় পরিচালিত বাহিনীর সদস্য হয়ে তিনি রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও অস্ত্র নিজের দেশের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করেছেন। মানুষকে অপহরণ, গোপন আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুমের মতো পদ্ধতিগত কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনেও মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, কোনো পদ, ইউনিফর্ম বা রাষ্ট্রীয় পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না। ভুক্তভোগীরা জানাজা-দাফনের মতো ন্যূনতম মানবিক মর্যাদা থেকেও বঞ্চিত হয়েছেন এবং তাদের পরিবারগুলো বছরের পর বছর চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। ট্রাইব্যুনালের এই বিচার নিহতদের জীবন বা পরিবারগুলোর হারানো বছর ফিরিয়ে দিতে না পারলেও সত্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার অপব্যবহারের জবাবদিহিতা নিশ্চিত করতে এটি অপরিহার্য।

যুক্তি উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন এবং পুরো কার্যক্রমটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।


   আরও সংবাদ