ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি অভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিবি জানায়, গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করেন।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা ডিবির দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর আলোচনায় আসেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। পরে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব হন ডরিন।