ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩, ১৫ জ্বমাদিউল সানি ১৪৪৮

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড



গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় অবরোধের চেষ্টা করছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে সে চেষ্টা ব্যর্থ করে দেয়। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা ওই এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন।

এদিকে কোনোয়াবাড়ি, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, টঙ্গী, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি, ভবানীপুর, বাঘের বাজার, নতুন বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ শিল্পঅধ্যুষিত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আতঙ্কে মহাসড়কে ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন জানান, দিনের শুরুতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেসব কারখানা খোলা রয়েছে, সেগুলোতে শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। এখন পর্যন্ত জেলায় পোশাক কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক আছে। শ্রমিকরা কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণভাবে উৎপাদনকাজ শুরু করছেন।


   আরও সংবাদ