ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩, ১৫ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

‘জাপানি বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে টোকিওতে প্রধানমন্ত্রীর টানা বৈঠক’



‘জাপানি বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে টোকিওতে প্রধানমন্ত্রীর টানা বৈঠক’

জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে এ সফর কার্যকর ভূমিকা রাখবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন। তিনি জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, বাণিজ্য বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

একই দিন প্রধানমন্ত্রী ‘মারুবেনি কর্পোরেশন’-এর চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং ‘জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা’ (জাইকা)-র প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, আইসিটি, জ্বালানি, কৃষি আধুনিকায়ন, লাইট ইঞ্জিনিয়ারিং এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির আধুনিকায়নে জাপানি বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়। জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী। সরকার বর্তমানে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে বাংলাদেশকে বিনিয়োগের শক্তিশালী গন্তব্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান, উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীনসহ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ