ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩, ১৮ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

‘পুলিশের পোশাকধারী ২ জনের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ’


⬇ Photo Card

‘পুলিশের পোশাকধারী ২ জনের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ’

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি তাদেরকে ধাওয়া করেছিল। সেই ধাওয়া থেকেই বাঁচতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ পালিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় দীপকে নিয়ে অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের এ কথা জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান। এ সময় দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, "ধাওয়া দেওয়া ব্যক্তিরা আসলেই পুলিশ কি না এবং তারা কেন সেখানে এসেছিল, তা আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি তারা মাদকাসক্ত ছিল কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বন্ধু দীপ অনেক তথ্য দিয়েছে, তবে সবকিছুই আমরা অন্ধভাবে বিশ্বাস করছি না; বরং প্রতিটি তথ্য নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।"

উদ্ধার করা মোটরসাইকেল প্রসঙ্গে তিনি বলেন, "দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে সুজুকি জিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি নিহত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার। তবে কাগজপত্র যাচাই না করা পর্যন্ত এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।"

তদন্তের অগ্রগতির বিষয়ে পিবিআইর এই কর্মকর্তা আরও বলেন, "তারা এই এলাকায় কেন এসেছিল এবং কোথায় যাতায়াত ছিল—সব তথ্যই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন, তার সবকিছুই করা হবে এবং এই ঘটনার সঙ্গে অপরাধের কোনো সংশ্লিষ্টতা থাকলে তা আইনগতভাবে খতিয়ে দেখা হবে।"

এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নিহত তাহসিফ রাজধানীর তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের কে এম এনায়েতুল করীম হেলালের বড় ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।


   আরও সংবাদ