পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাপাতির বিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দুপুরে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিলে মাছ ধরতে যান বেশ কয়েকজন বাসিন্দা। বিকেলে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে বৃষ্টির হাত থেকে বাঁচতে আটজন বিলে অবস্থিত একটি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ তারা ওই টঙ ঘরেই পড়ে ছিলেন।
পরবর্তীতে সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা বিলের দিকে গেলে টঙ ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, "ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। ইতোমধ্যে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারের কাজ চলছে।"