বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবঙ্গয়ে মাকেতা। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই কোচ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তিনি খুব শিগগিরই যোগ দেবেন।
দুই দশকের অভিজ্ঞতা ও ‘লেভেল ফোর’ সনদ
ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মালিবঙ্গয়ে মাকেতার। তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সর্বোচ্চ ‘লেভেল ফোর’ সনদপ্রাপ্ত কোচ।
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে প্রোটিয়াদের কোচিং প্যানেলেও ছিলেন। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়সহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং ফ্র্যাঞ্চাইজি দল 'ওয়ারিয়র্স'-এর প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের মানের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে।
‘ফিল সিমন্সের সাথে কাজ করতে মুখিয়ে আছি’
নতুন এই দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মাকেতা জানান, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। বিসিবির আস্থা ও বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে আমি মুখিয়ে আছি।’
হেড কোচ ফিল সিমন্স ও বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে আশা প্রকাশ করে মাকেতা যোগ করেন, ‘আমাদের একটি তরুণ ও সম্ভাবনাময় দল রয়েছে। ফিল ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করতে আমি উন্মুখ হয়ে আছি।’