ট্রান্স-হিমালয় আন্তর্জাতিক সহযোগিতা ফোরামে (ট্রান্স-হিমালয় ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফোরাম) অংশগ্রহণ ও বিশেষ বক্তা হিসেবে ভাষণ দিতে চীন সফরে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান।
আন্তর্জাতিক এই ফোরামে তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদার, অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আন্তদেশীয় সংযোগ বৃদ্ধি, অবকাঠামো ও টেকসই উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য তুলে ধরবেন। একই সঙ্গে তিনি পারস্পরিক আস্থা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এই ফোরামে আঞ্চলিক সংযোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বাণিজ্য সহজীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে আলতাফ হোসেন চৌধুরীর বিভিন্ন দেশের প্রতিনিধি ও উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্বের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভাবনা ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বদরবারে আরও সুস্পষ্টভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। এতে বাংলাদেশ ও চীনের বিদ্যমান অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ট্রান্স-হিমালয় আন্তর্জাতিক সহযোগিতা ফোরাম এশিয়ার দেশগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি ও টেকসই উন্নয়নে কাজ করার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। প্রতিবছর বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী ও বিশেষজ্ঞরা এই ফোরামে অংশ নেন।