ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩৩, ২৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

এক রাতে ২৪ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ৩



এক রাতে ২৪ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ৩

রাজধানী ঢাকায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া মোট ২৪টি ককটেল বিস্ফোরণ ও ১টি বাসে আগুনে পুরো নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড় ৭টার দিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের ভেতরে পার্কিংয়ে থাকা একটি গাড়ির বনেটে ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় সিনেট ভবন, টিএসসি, ভিসি চত্বর, প্রশাসনিক ভবন ও নীলক্ষেত তোরণসহ বিভিন্ন স্থানে ৯টি ককটেল ফাটানো হয়। টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন—রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।

এছাড়া সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ভাটারা ১০০ ফিট এলাকায় দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে), উত্তরা পূর্ব থানা (৩টি ককটেল), তেজগাঁও (সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে), মাটিকাটা, পান্থপথ ও খিলক্ষেত থানা এলাকায় বিস্ফোরণ ঘটে। খিলক্ষেত ও উত্তরায় মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ ও স্থানীয় ভিডিও চিত্র।

ঘটনার পর পর সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


   আরও সংবাদ