সারা দেশে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পতিত ফ্যাসিস্ট বাহিনীকে দমনে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, গত কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনেসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং ফরিদপুরে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় চালকের মৃত্যুসহ সিআইডি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও পরোক্ষ শিথিলতার কারণেই সন্ত্রাসী গোষ্ঠী দেশজুড়ে এই তাণ্ডব চালানোর সুযোগ পাচ্ছে বলে তিনি দাবি করেন।
মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করে বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় কার্যকর না করা এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না করার কারণেই ফ্যাসিবাদের দোসররা বারবার অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী প্রতিনিয়ত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসলেও সরকার তাতে কর্ণপাত করছে না, যা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলছে।
অবিলম্বে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও হামলা কঠোর হাতে দমনের দাবি জানান জামায়াত নেতা। একই সাথে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করা না হলে জামায়াতে ইসলামী বাধ্য হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবে।