ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩৩, ২৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, দেড় লাখ ছাড়ালো আক্রান্ত



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, দেড় লাখ ছাড়ালো আক্রান্ত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

নতুন আক্রান্তদের বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা বেশি। নতুন ভর্তি ১ হাজার ৫৯৫ জনের মধ্যে রাজশাহী বিভাগে ২২৯, খুলনা বিভাগে ২২০, বরিশাল বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ২০৬ এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৭৩, রংপুর বিভাগে ৭১ এবং সিলেট বিভাগে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। চিকিৎসাসেবা নিয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।


   আরও সংবাদ