রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর এলাকায় গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় বিমানবন্দরে অবস্থানরত জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মূল ফটকের পরিবর্তে নিরাপত্তার স্বার্থে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে তিনি রাজশাহীতে পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছানোর মাত্র পাঁচ মিনিট পর মূল ফটকের সামনে সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি দায়িত্বরত পুলিশকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। জানা গেছে, ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার খাতিরে তাকে পেছনের গেট দিয়ে দ্রুত বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর এলাকা থেকে গ্রেনেড সদৃশ বস্তু দুটি নিরাপদে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে। বস্তুগুলো আসলে কী তা খতিয়ে দেখতে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং পরবর্তীতে এ বিষয়ে আইনগত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।