পলাতক অপরাধীরা আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা কীসের ভিত্তিতে এনআইডি ও পাসপোর্ট পাওয়ার দাবি করছে—এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, আইনের শাসন এড়িয়ে কোনো পলাতক অপরাধীর এসব সুবিধা পাওয়ার সুযোগ নেই।
সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার সরকারের সময় ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ থাকলেও আজ শত শত শহীদের রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট দাবি করছেন। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।
তারেক রহমানের ওপর চালানো অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসার প্রয়োজনেই তিনি নিয়ম মেনে বিদেশে গিয়েছিলেন, অন্যদিকে গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন কিংবা মধ্যরাতের ভোটে বিশ্বাস করে না। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে।
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। এ প্রতিভা ধরে রাখতে পারলে তারাই একদিন বাংলাদেশের আইনস্টাইন ও নিউটন হয়ে উঠবে এবং তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।