দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই। আর এই নাশকতা ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে নিয়মিত টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দেন। তবে অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে ব্যাপারেও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। পাশাপাশি স্পর্শকাতর এলাকা হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এর বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এবং ফরিদপুর জেলায় আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয়।