রাজধানীর মিরপুরের পৃথক দুই স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) ভোর ও রাতে পল্লবী ও শাহ আলী থানা এলাকায় এসব ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাসগুলো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করা 'চিড়িয়াখানা সিটি পরিবহণ'-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির পেছনের অংশ ও বেশ কয়েকটি সিট পুড়ে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন জানান, ঘটনার পর পরই পুলিশের একাধিক টিম সেখানে গিয়ে পরিদর্শন করেছে।
এর আগে একই দিন ভোর ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা 'বিকল্প পরিবহণ' ও 'অভিজাত পরিবহণ'-এর দুটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও 'বিকল্প পরিবহণ'-এর বাসটির পুরো বডি ও সিট পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অন্য বাসে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুষ্কৃতিকারীরা এ অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।