নেত্রকোণার মদনে ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সর্বোচ্চ সাজার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম আসামির উপস্থিতিতে এই দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মদন উপজেলার একটি মাদরাসায় পড়ালেখা করত ১২ বছর বয়সী ওই শিশুটি। শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয় এবং তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
উল্লেখ্য, বিচার চলাকালে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানির দিন আসামি তার সমুদয় সম্পত্তি (১২ শতাংশ জমি) ভুক্তভোগীর নামে লিখে দেওয়ার বিনিময়ে খালাসের আকুতি জানান। তবে আদালত সেই অনৈতিক প্রস্তাব কঠোরভাবে নাকচ করেন। বিচারক সংশ্লিষ্টরা মনে করছেন, এই কঠোর রায় সমাজে শিশু নির্যাতন প্রতিরোধে একটি দৃষ্টান্তমূলক ও কঠোর বার্তা দেবে।