বাসস: তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
কুশল বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— ওআইসির মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এর আগে গত মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কে পৌঁছান তিনি।