ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩৩, ৩০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

প্রতিমন্ত্রীর ‘উপহার’ গ্রহণের বক্তব্য, ঘুসকে বৈধতার অপচেষ্টা: টিআইবি



প্রতিমন্ত্রীর ‘উপহার’ গ্রহণের বক্তব্য, ঘুসকে বৈধতার অপচেষ্টা: টিআইবি

ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ গ্রহণসংক্রান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ঘুসকে বৈধতা দেওয়ার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার এমন বার্তা দুর্নীতিকে আরও উৎসাহিত করবে উল্লেখ করে টিআইবি প্রতিমন্ত্রীর বক্তব্য নিঃশর্ত প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জনগণের অর্থে বেতনপ্রাপ্ত সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব পালন শেষে ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার নেওয়া কোনো আইনি কাঠামাতেই বৈধ নয়। 

দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারা এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী, দাপ্তরিক কাজের বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিকের বাইরে উপহার বা অর্থ গ্রহণ দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ে ঘুস দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে এবং ঠিকাদার ও প্রকৌশলীদের যোগসাজশে দুর্নীতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।

সংস্থাটি মনে করে, নবনিযুক্ত প্রকৌশলীদের চাকরির শুরুতেই এমন অনৈতিক পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই বিবৃতিতে প্রতিমন্ত্রীর বক্তব্যে উল্লেখ করা একজন সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।


   আরও সংবাদ