ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ চৈত্র ১৪৩৩, ৫ জ্বমাদিউল সানি ১৪৪৮

কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের সহিংসতা, গোপালগঞ্জের ডিসি ও এসপিকে বদলি



কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের সহিংসতা, গোপালগঞ্জের ডিসি ও এসপিকে বদলি

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে বদলি করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেট এবং হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় তারা নানা স্লোগান দেন। শহরের এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ এই দুই পদে পরিবর্তন আনল সরকার।


   আরও সংবাদ