ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ চৈত্র ১৪৩৩, ৫ জ্বমাদিউল সানি ১৪৪৮

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়



শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জাতীয় সংসদ ভবন ঘুরে দেখেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার ২০২৬ সালের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৪১ শিক্ষার্থী, সঙ্গে ছিলেন ৬ শিক্ষক ও অভিভাবকরা। পাশাপাশি দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী ও ৬ শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও ২ শিক্ষকও এ সফরে যোগ দেন। অধিবেশনের বিরতিতে তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তরুণরা যেন রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়, এটাই তার প্রত্যাশা। তবে রাজনীতির পথে হাঁটার আগে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদ দেন তিনি।

এ সময় তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী—নিজের ঘর, শহর ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা; বর্ষায় নিজের বা পরিবারের কারও জন্মদিনে অন্তত একটি গাছ লাগানো; এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করা।

এর আগে শিক্ষার্থীরা সংসদ ভবন নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি দেখেন এবং সরাসরি অধিবেশন পর্যবেক্ষণ করেন। পরে উত্তর প্লাজায় ছবি তোলেন তাঁরা। এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ