ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ মাঘ ১৪৩৩, ২৬ রবিউল সানি ১৪৪৮
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

ছাত্রদলের ৩ নেতাসহ ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ



ছাত্রদলের ৩ নেতাসহ ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রদলের তিন নেতাসহ চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। গত গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার পর গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর এই শাস্তিমূলক পদক্ষেপের কথা জানানো হলো।

উপাচার্য জানান, গত ৪ অক্টোবর রাতে ঘটিত ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দোষীদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সমস্ত তথ্য-উপাত্ত ও প্রমাণাদি বিশ্লেষণ করে গত মধ্যরাতে কমিটি তাদের সর্বসম্মতিক্রমে লিখিত চূড়ান্ত প্রতিবেদন উপাচার্য কর্তৃপক্ষের কাছে জমা দেয়। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করে এ ঘটনায় চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে কমিটি। 

অভিযুক্তরা হলেন—রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলাম। তদন্ত প্রতিবেদনে আরও বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ অধিকতর তদন্তের জন্য রাখার কথা বলা হয়েছে। 

উপাচার্য জানান, রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা বিভিন্ন প্রমাণাদি ও অভিযোগ আরও যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া তুলনামূলক কম সম্পৃক্ততা পাওয়ায় শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত রবিবার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সংবাদ সংগ্রহের সময় নৃশংস হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক। ওই হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পরপরই তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছিলেন।


   আরও সংবাদ