মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যৌথ ছবিকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অসত্য তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার পেছনে প্রকৃত তথ্য তুলে ধরেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে অংশ নেন। আয়োজন চলাকালে তোলা একটি আলোকচিত্র হোয়াইট হাউসের পক্ষ থেকে ঢাকার কার্যালয়ে পাঠানো হলে পরবর্তীতে তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়।
প্রেস উইং থেকে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আসল ছবিটিকে ভুয়া হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। এর জন্য তারা এআই দিয়ে তৈরি একটি বিকৃত ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিকৃত সেই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি কার্ডবোর্ড কাটআউট বা প্রতিকৃতি বসিয়ে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে এবং দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ছবিটিই কৃত্রিমভাবে তৈরি।
তবে প্রেস উইং স্পষ্ট করে জানিয়েছে, অপপ্রচারকারীদের ব্যবহৃত ওই ছবিটি নিজেই ভুয়া ও কৃত্রিমভাবে তৈরি। আলবেনিয়াভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম 'প্যামফ্লেটি ডটনেট' গত ২ অক্টোবর প্রকাশিত তাদের এক প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর ছবিটি পুরোপুরি এআই-জেনারেটেড এবং সম্পাদিত বলে নিশ্চিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে আগেই ভুয়া হিসেবে চিহ্নিত হওয়া ওই ছবিটিকেই নতুন করে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের উপস্থিতির প্রকৃত ছবিটিকে বিতর্কিত করার হীন চেষ্টা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।