ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩, ২০ রবিউল সানি ১৪৪৮

ট্রাম্পের চাপে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে জি-৭


⬇ Photo Card

ট্রাম্পের চাপে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে জি-৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে নিজেদের জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত জ্বালানি তেল ছাড়তে রাজি হয়েছে শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে জোটটির পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জি-৭ জোটের সদস্যদেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে যৌথভাবে এই জ্বালানি তেল ছাড়া হবে বলে জানিয়েছে জোটটি। এ প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে এবং আগামী চার মাস ধরে চলবে।

বিবৃতিতে বলা হয়েছে, ঐকমত্যের ভিত্তিতে আগামী ২০ দিনের মধ্যে জি-৭ দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়বে। তবে এই ১০ কোটি ব্যারেলের মধ্যে কতটা অপরিশোধিত তেল এবং কতটা ডিজেল থাকবে, সে তথ্য স্পষ্ট করা হয়নি। আইইএর আওতায় আগামী কয়েক দিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ডিজেল ছাড়ার বিষয়ে আলোচনা করা হতে পারে।

বেশ কিছুদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে জ্বালানির মজুত ছাড়ার জন্য চাপ দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রশাসন হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইউরোপ পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করতে পারে। ইইউ ইদানীং মার্কিন ডিজেলের ওপর গভীরভাবে নির্ভর করায় এমন নিষেধাজ্ঞা দেশটির জ্বালানি সরবরাহব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি করত।

বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে জ্বালানির দামে লাগাম টানতেই ইইউ দেশগুলোর ওপর এ চাপ তৈরি করেন ট্রাম্প। সম্প্রতি রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা ৩২ শতাংশে নেমে এসেছে, যা তাঁর রাজনৈতিক জীবনে সর্বনিম্ন।

এর আগে গত মার্চেও আইইএর সমন্বয়ে বিশ্ববাজারে জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট


   আরও সংবাদ