আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে করে পূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সরকারের পূর্বনির্ধারিত ছুটি রয়েছে ২০ ও ২১ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার)। মাঝে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস থাকলেও সেটিতে নির্বাহী ছুটি মঞ্জুর করা হয়েছে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি উপভোগ করবেন সরকারি চাকুরিজীবীরা। তবে ২২ অক্টোবরের ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর (শনিবার) কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে।
চলতি বছর আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব।