ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ মাঘ ১৪৩৩, ২৬ রবিউল সানি ১৪৪৮

সরকারি ব্যাংকের ১১ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি



সরকারি ব্যাংকের ১১ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই পদোন্নতি ও বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান ও শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংকের মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) আবু সাঈদ মো. রওশনুল হক এবং জনতা ব্যাংকের মো. আব্দুল মতিনকে পদোন্নতি দিয়ে নিজ নিজ ব্যাংকেই ডিএমডি করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও মো. সাকায়েত হোসেন পাটোয়ারীকেও পদোন্নতি দিয়ে নিজ ব্যাংকেরই ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খানকে জনতা ব্যাংকের ডিএমডি করা হয়েছে। আর বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ডিএমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে অগ্রণী ব্যাংকের জিএম শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের জিএম মো. হাসান ইমামকে পদোন্নতি দিয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক খাতের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং মহাব্যবস্থাপক (জিএম) পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৫ এবং সরকারের সময় সময় জারিকৃত অন্যান্য নীতিমালা ও প্রজ্ঞাপনের শর্ত সাูপেক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।


   আরও সংবাদ