ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩, ১০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

আওয়ামী লীগ ও জামায়াতের আঁতাতের পর্যাপ্ত প্রমাণ রয়েছে: রিজভী



আওয়ামী লীগ ও জামায়াতের আঁতাতের পর্যাপ্ত প্রমাণ রয়েছে: রিজভী

বিরোধী দলের সমালোচনার জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "বিভিন্ন ঘটনায় দেখা গেছে গুপ্তদের আচরণ এবং পরাজিত শক্তির আচরণ প্রায় অভিন্ন।" একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে দাবি করে তিনি বলেন, এর পর্যাপ্ত প্রমাণও হাতেনাতে রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে গণমাধ্যমকর্মীরা 'বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে'— বিরোধী দলের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজভী পাল্টা প্রশ্ন রেখে বলেন, "তাদের এই দাবির প্রমাণ কী? কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যে তাদের সুসম্পর্ক রয়েছে, সেটির শক্ত প্রমাণ রয়েছে।"

জামায়াতের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, "তাদের আমির নিজেই প্রকাশ্যে বলেছেন, তারা আওয়ামী লীগের সবকিছু ক্ষমা করে দেবেন। সুতরাং প্রমাণ থাকতে হবে। উনাদের যোগাযোগের স্পষ্ট প্রমাণ আছে বলেই এ ধরনের কথা উঠেছে। পরাজিত শক্তি ও এই গুপ্ত দল একই ধরনের পরিভাষা ও কথাবার্তা বলছে।"

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে রিজভী বলেন, "অতীতে অপপ্রচার চালানো হতো যে বিএনপি একটি উগ্রবাদী দল এবং তাদের আমলে অন্য ধর্মের মানুষ নিরাপদ নয়। কিন্তু এবার তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কর্মী ও সরকারের যৌথ সতর্কতায় চক্রান্তকারীদের সব নীল নকশা ব্যর্থ হয়েছে। দেশের প্রতিটি স্থানে হিন্দু সম্প্রদায় অত্যন্ত নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেছে।"

পার্শ্ববর্তী দেশ থেকে আগত দর্শনার্থীদের ইতিবাচক মন্তব্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "ভারত থেকে আসা পুণ্যার্থীরাও স্বীকার করেছেন বাংলাদেশে এবার অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা পালিত হয়েছে। ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনিতে মুখরিত এই সার্বজনীন উৎসব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।"

আওয়ামী লীগ ও বর্তমান বিরোধী জোটের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "অপপ্রচার ও কুৎসা রটনায় এই দুটি দল পারদর্শী। এদের একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক অপশক্তি, আর অন্যটি বর্তমানে বিরোধী দলের ভূমিকা পালন করছে। তবে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।"

---


   আরও সংবাদ