ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ মাঘ ১৪৩৩, ২৭ রবিউল সানি ১৪৪৮
কে সি বেণুগোপাল

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’



‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্তমান আচরণই স্পষ্ট করে দিচ্ছে যে তিনি ক্ষমতার পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। দেশজুড়ে ভোটাধিকার রক্ষা এবং নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তীব্র আক্রমণ শানিয়েছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ তুললেন এই শীর্ষ কংগ্রেস নেতা।

কে সি বেণুগোপাল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিলে প্রধান নির্বাচন কমিশনারকে আড়াল করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সরকারের এই শেষরক্ষা যে হবে না, সেটিই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, মোদী সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পায়। আর সেই ভীতি থেকেই রাজধানী দিল্লি ও মুম্বাইসহ দেশের বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি নিরাপত্তা এবং নির্বিচারে আটকের মতো দমনপীড়নমূলক পথ বেছে নিয়েছে কেন্দ্র।

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করার এই লড়াইয়ে আগামী সোমবার দিল্লিতে একটি বৃহৎ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিরোধী জোট 'ইন্ডিয়া'। এর আগে বিরোধী নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।

পাশাপাশি, এই দাবির সপক্ষে দেশের প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার না হওয়া পর্যন্ত বিরোধী দলগুলোর এই আন্দোলন সর্বস্তরে অব্যাহত থাকবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কে সি বেণুগোপাল।


   আরও সংবাদ