ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩, ১০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

'ভুয়া তথ্যে দৌড়াবেন না', সাজেক ইস্যুতে সুস্পষ্ট পদক্ষেপ নিন: জামায়াত আমীর



'ভুয়া তথ্যে দৌড়াবেন না', সাজেক ইস্যুতে সুস্পষ্ট পদক্ষেপ নিন: জামায়াত আমীর

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন অঞ্চলের বর্তমান অস্থিরতা প্রসঙ্গে কোনো ধরনের ভুল বা ভুয়া গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর না করে সঠিক তথ্যের ভিত্তিতে অবিলম্বে সুস্পষ্ট পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই দাবি জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, "রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।"

সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবন নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, "সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।"

উল্লেখ্য, তিন দফা দাবি আদায়ে ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’-এর ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে বর্তমানে সাজেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারী সংগঠনগুলোর অভিযোগ, স্থানীয় বেশ কয়েকটি এলাকায় সশস্ত্র দলগুলোর তৎপরতা অব্যাহত থাকায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

নিরাপত্তা শঙ্কার কারণে গত বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে সেখানে আটকে পড়া পর্যটকদের আজ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় পর্যটকদের বহনকারী বিশেষ নিরাপত্তাবহর সাজেক থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পড়ে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র সন্ত্রাসী দলের গোলাগুলি শুরু হয়। রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রাকিব নিশ্চিত করেছেন যে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে দফায় দফায় গোলাগুলি চলে।

এর আগে গত ১১ অক্টোবর থেকে তিন দফা দাবিতে এই আন্দোলন শুরু হয়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে সাময়িক বিরতি ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হলেও মূল দাবি পূরণ না হওয়ায় আজ সকাল ৬টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে সংগঠন দুটি।

---


   আরও সংবাদ