আওয়ামী লীগকে একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণ দলটিকে আর কখনো রাজনীতি করার সুযোগ দেবে না।
গতকাল বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্পিকারকে এই সংবর্ধনা দেওয়া হয়।
বক্তব্যে স্পিকার অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ চরমভাবে লুটপাট করেছে। সাবেক এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের এক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে।
নিজের নির্বাচনী এলাকার রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০০১ সালের নির্বাচনে এই আসনে তোফায়েল আহমেদ পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান। ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করলেও গত ৫ আগস্টের পর সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন।
তজুমদ্দিনের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে স্পিকার ঘোষণা করেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে এবং বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি আধুনিক পার্ক নির্মাণ করা হবে। একই সঙ্গে এলাকায় কোনো সন্ত্রাসী ও দখলদারকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে স্পিকার তজুমদ্দিন উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
---