ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩, ১৩ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

ঠাকুরগাঁও থেকেই সরকার পতনের আন্দোলন: মিয়া গোলাম পরওয়ার



ঠাকুরগাঁও থেকেই সরকার পতনের আন্দোলন: মিয়া গোলাম পরওয়ার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কারচুপি বা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রয়োজনে এই আসনকে কেন্দ্র করেই সরকার পতনের একদফা আন্দোলন গড়ে তোলা হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন তিনি।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, “ভোটে কোনো ধরনের টালবাহানা বা অনিয়মের চেষ্টা করা হলে ভোটকেন্দ্র থেকে নির্বাচন অফিস পর্যন্ত ঘেরাও করা হবে। কোনো প্রিসাইডিং কর্মকর্তা কারচুপিতে লিপ্ত হলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে।”

জনসভায় বিএনপির তীব্র সমালোচনা করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতনে দুর্নীতির অভিযোগ তোলেন জামায়াত নেতা। তিনি বলেন, “বিএনপির দিন ফুরিয়ে আসছে। বিএনপির প্রার্থী বিজয়ী হলে পুরো ঠাকুরগাঁও শূন্য হয়ে যাবে। চাঁদাবাজি ও দখলদারির রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী ২৯ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।”

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে বিএনপির মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি দাবি করেন, ১৯৭১ সালে বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারের সদস্যরাও অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম।


   আরও সংবাদ