রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের প্রিন্সিপাল ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কলেজের মূল ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে কলেজের সামনের সড়কে দীর্ঘক্ষণ বিক্ষোভ করায় নীলক্ষেত থেকে আজিমপুর পর্যন্ত তীব্র যানজট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার কড়া আল্টিমেটাম দিয়েছেন।
মূলত প্রিন্সিপালের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা প্রিন্সিপালকে তার কার্যালয়ে দীর্ঘ ১৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে গভীর রাতে পুলিশ এসে তাকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, উদ্ধার অভিযানের নামে পুলিশ তাদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে। এমনকি পুলিশ সদস্যদের বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পেটানো এবং এক নারী শিক্ষার্থীর চুল ও হিজাব ধরে টানাটানির মতো ন্যক্কারজনক ঘটনার অভিযোগও তুলেছেন তারা, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। প্রথম দাবিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে মধ্যরাতে হামলায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
দ্বিতীয় দাবিতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রিন্সিপালের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রশাসন থেকে দ্রুত সন্তোষজনক পদক্ষেপ না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।