মালয়েশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন-এ সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বোয়েসেল কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ ইলেকট্রনিক পদ্ধতিতে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়।
গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে প্রাপ্ত মোট ৪ হাজার ২৯টি আবেদন থেকে এই ৩০০ জনকে বাছাই করা হয়েছে, যার মধ্যে ২০০ জন অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং ১০০ জন টেকনিক্যাল স্কিল ওয়ার্কার।
প্রাথমিকভাবে নির্বাচিত এই প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল-এর প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কর্মী বাছাই করা হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই চূড়ান্ত নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে।
এ ছাড়া বোয়েসেল পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং সেক্টরে আরও ৫৫৮ জনের চাহিদাপত্র পেয়েছে, যারা সম্পূর্ণ জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।