বাসস: নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ নিয়ে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা কর্মকর্তাদের মূল দায়িত্ব। সেবাগ্রহীতার আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের উপায় বুঝিয়ে দেওয়াকে তিনি আধুনিক ও মানবিক প্রশাসনের অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
ভাষণে প্রধানমন্ত্রী প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে, তবে তার প্রকাশ ঘটতে হবে ব্যালট বাক্সে—সরকারি অফিসে নয়।
পদোন্নতি বা পছন্দের পদায়নের জন্য সততা ও পেশাদারিত্বের সঙ্গে আপস না করার পরামর্শ দিয়ে তিনি যেকোনো স্থানে দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। সেই সঙ্গে নির্বাচিত সরকারের জনকল্যাণমুখী ইশতেহার বাস্তবায়নে এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সেবা সহজ করতে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন।
তিনি আরও উল্লেখ করেন যে, ঘরবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা সবার নাগরিক দায়িত্ব। চার মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী কোর্সের শীর্ষ ১০ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।