ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩৩, ৩০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

গোপনে চিকিৎসা শেষে আবারও কারাগারে ইমরান



গোপনে চিকিৎসা শেষে আবারও কারাগারে ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইমরান খানের রক্তচাপজনিত কিছু জটিলতা তৈরি হওয়ায় তাঁকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার পর জানা গেছে, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতি মামলায় তিন বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। তাঁর বেশিরভাগ সাজার আদেশ স্থগিত বা বাতিল হলেও অন্যান্য আপিল বিচারাধীন রয়েছে। ইমরান খানের আইনজীবীদের দাবি, উপযুক্ত চিকিৎসার অভাবে কারাগারে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।

এদিকে, আদালত কারা কর্তৃপক্ষকে ইমরান খানের স্ত্রী ও আইনজীবীদের তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, একই দিনে পিটিআই-এর ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও অসুস্থতার কারণে লাহোরের একটি কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


   আরও সংবাদ