জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আন্তালিয়া বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
ইস্তাম্বুল বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় একই এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।
এর আগে, তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনের মূল অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সম্মেলনের পাশাপাশি তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পুরো সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।