বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে রূপান্তরমূলক হিসেবে মূল্যায়ন করছেন বিশ্বনেতারা। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাতে এমন অভিমত উঠে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক মহল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিভিন্ন দেশের নেতারা তাকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি দিনভর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; মলদোভার প্রধানমন্ত্রী; পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী; ওআইসির মহাসচিব; লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এসব সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বিশ্বনেতারা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
হুমায়ুন কবির বলেন, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আগ্রহ দেখিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় স্থান পেয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন সংকট নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লন্ডনের মেয়রের সঙ্গে সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করায় তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র। এর পরিপ্রেক্ষিতেই তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের যোগাযোগব্যবস্থা সহজ করা এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে সরাসরি বিমান চলাচল চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন বলে জানান হুমায়ুন কবির।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের অংশগ্রহণের বিষয়টিও বৈঠকে উঠে আসে। এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানেও চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে শুধু দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর আগের দিনের বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়েও ইতিবাচক মতবিনিময় হয়েছে।
হুমায়ুন কবিরের ভাষ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে।
এদিকে কপ৩১-এর একটি পার্শ্ব-আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন। বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরার পাশাপাশি এ খাতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার কপ৩১-এর সম্মেলনে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলন ঘিরে তার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।