ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩৩, ২ জ্বমাদিউল সানি ১৪৪৮

সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা



সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা

সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ২০২৬ সালের নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি হওয়া এই প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত এই নতুন নিয়ম চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রাপ্ত নিট পেনশনের পরিমাণের ওপর ভিত্তি করেই মূলত এই বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, যাদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন একলাফে ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। এছাড়া ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের নিট পেনশন ৫৫ শতাংশ হারে বাড়বে।

নতুন এই সংশোধনী অনুযায়ী, পেনশন বৃদ্ধির পর দেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সর্বনিম্ন ১০ হাজার টাকা নিট পেনশন পাবেন। পাশাপাশি বিভিন্ন স্ল্যাবের ভিত্তিতে সর্বোচ্চ নিট পেনশনের সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ হাজার টাকা পর্যন্ত পেনশনের জন্য সর্বোচ্চ ১৮ হাজার টাকা, পরবর্তী স্ল্যাবগুলোতে যথাক্রমে ৩৫ হাজার, ৪৯ হাজার, ৬২ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

একাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রে বিশেষ বিধান যুক্ত করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা গেলে তার প্রাপ্য উৎসব ভাতাকে ভিত্তি ধরে বিধি মোতাবেক আনুপাতিক হারে পেনশন বণ্টন করতে হবে। তবে যেসব বিদ্যমান পেনশনভোগী ইতোমধ্যে মাসিক ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা আগামী বছরের ১ জুলাই পর্যন্ত বিদ্যমান হারেই তা পেয়ে যাবেন।

এদিকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং পেনশন নির্ধারণের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ১ জুলাই ২০২৬ তারিখের আগে পিআরএল শুরু হওয়া কর্মচারীরা ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী সুবিধা পাবেন। অন্যদিকে ১ জুলাই বা তার পরে পিআরএলে যাওয়া কিংবা চাকরি সমাপ্ত করা কর্মচারীরা ২০২৬ সালের নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন, ভাতাদি এবং ল্যাম্পগ্র্যান্ট বা এককালীন আর্থিক অনুদান প্রাপ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।


   আরও সংবাদ