শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনার রূপসা উপজেলার কৃতী সন্তান ওয়াকিদুজ্জামান ডাবলু। গত ৬ নভেম্বর সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।
ওয়াকিদুজ্জামান ডাবলু খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম জহুরুল ইসলামের একমাত্র ছেলে। নব্বইয়ের দশকে সরকারি সুন্দরবন কলেজে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বর্তমানে তিনি জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী।
সংগঠন সূত্রে জানা গেছে, শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ডা. জোবাইদা রহমানের অনুমতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে তাকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ওয়াকিদুজ্জামান ডাবলু রূপসা এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছেন। স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নেও তিনি আর্থিক সহায়তা দিয়ে থাকেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তার রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ সংগঠক হিসেবে তার সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করছেন সংগঠনের নেতারা।
নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ওয়াকিদুজ্জামান ডাবলুর নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, শহীদ জিয়া স্মৃতি সংসদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতি তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচি পরিচালনা করে থাকে।