হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে সামরিক হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষ’ হামলা চালিয়েছে। হামলার আগে এলাকাটিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এখন পর্যন্ত কারা এই হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়। কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও নিশ্চিত করা যায়নি। হতাহতের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। তবে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণেও এই শব্দ হয়ে থাকতে পারে।
এই হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব পাশে সিরিক অবস্থিত। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এই কৌশলগত প্রণালি। বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের এটি অন্যতম প্রধান নৌপথ হওয়ায়, অঞ্চলটির যেকোনো উত্তেজনায় জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে।