ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩, ৩ জ্বমাদিউল সানি ১৪৪৮

মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সমঝোতা!



মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সমঝোতা!

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার মাহফিল আয়োজন নিয়ে সমঝোতায় পৌঁছেছে উপজেলা বিএনপি ও জামায়াত। উপজেলা প্রশাসনের সমঝোতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ থানায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, থানার ওসি জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমীর ওলিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব বলেন, কোরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে।

উল্লেখ্য, এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মাদ্রাসাটির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল।

পরে পুলিশ সুপারের পাঠানো তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বিরূপ মন্তব্য এবং সার্বিক পরিস্থিতির ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান দুটির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে আয়োজকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করে প্রশাসন।

বিজ্ঞপ্তি প্রকাশের পর বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জে আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এরপর সন্ধ্যায় শহরের মুরগীহাট এলাকায় এমপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা। এ ছাড়া বক্তব্য রাখেন এমপি আবু তালিব ও সাবেক আমীর ওলিয়ার রহমান।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লা বলেন, একটি কুচক্রী মহল মাহফিলটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলে জানতে পেরেছি। প্রশাসন এই মাহফিল বন্ধ করতে পারবে না। কোনভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না। এই প্রোগ্রাম বাস্তবায়ন হবেই।

এদিকে একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় সচেতন কালীগঞ্জবাসী। বৃহস্পতিবার বিকালে শহরে মাইকিং বের করা হয়। শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কালীবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে রাত ৯টায় সচেতন কালীগঞ্জবাসীর ব্যানারে শুক্রবার একই মাঠে মাদকবিরোধী সমাবেশ করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সচেতন কালীগঞ্জবাসীর পক্ষে ইলিয়াস রহমান মিঠু। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যান্যরা।


   আরও সংবাদ