গাজীপুরে তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকদের অভিযোগ, ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলন দমাতেই মালিকপক্ষ কারখানা বন্ধের পথ বেছে নিচ্ছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে কোনাবাড়ীর জরুন এলাকায় একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ ছাড়া পল্লীবিদ্যুৎ এলাকাতেও শত শত শ্রমিক সড়কে নামার চেষ্টা করলে পুলিশ ও বিজিবির বাধায় পিছু হটতে বাধ্য হন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকালে শ্রমিকেরা বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা সম্ভব হয়নি। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে, শনিবার রাতে গাজীপুরের অন্তত ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে, যদিও স্থানীয়ভাবে এই সংখ্যা ১৫টি বলে জানা গেছে। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
কারখানা বন্ধের নোটিশে কর্তৃপক্ষ জানিয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের নামে কারখানায় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।