ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩, ৭ জ্বমাদিউল সানি ১৪৪৮

‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক শর্ত নেই’



‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক শর্ত নেই’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়াদিল্লি আনুষ্ঠানিক কোনো শর্ত দিলে সরকার তা বিবেচনা করবে; তবে গণমাধ্যমে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনের বিষয়ে নজর দেওয়ার সময় বা প্রয়োজন নেই।

প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিদেশে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী অন্য আসামিদের মতোই তিনি দেশে ফিরে সাজা ভোগ করবেন বলে আশা প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, এ ক্ষেত্রে ভারতের সাড়া ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রক্রিয়াটি সহজ হয়।

বাংলাদেশ-ভারত সম্পর্ককে শেখ হাসিনার ইস্যুর চেয়ে অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হওয়া এই সম্পর্ক একটি বিষয়ে সীমাবদ্ধ নয় এবং অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হবে। এ সময় সচিব পর্যায়ের বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ নিয়ে সংবাদমাধ্যমের তথ্যকে ভুল আখ্যা দিয়ে তিনি জানান, উভয় পক্ষের সম্মতিতে সংলাপটি কিছুদিন পর হবে।

দেশের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অতীতের মতো বর্তমানে দেশে চলমান জ্বালাও-পোড়াওয়ের পেছনেও আওয়ামী লীগ জড়িত। বিদেশে বসে এমন কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি সরকার হিসেবে মোকাবিলার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরাতে ভারতীয় কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন—যার একটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে তাকে ফিরিয়ে নেওয়া এবং অন্যটি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগসহ জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে বিচার শুরুর নিশ্চয়তা দেওয়া।


   আরও সংবাদ