বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কনফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য ইশরাক হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ হাসান। সভায় সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন খানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় দেশের মার্শাল আর্টের উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে আগামী ২৭ নভেম্বর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে ‘মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট’ আয়োজন; মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ ২০২৬’ আয়োজন; আগামী ২ থেকে ৮ ডিসেম্বর তুরস্কে অনুষ্ঠিতব্য জিএএমএমএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ এবং আগামী ৮ থেকে ১২ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য ‘দক্ষিণ এশীয় সাম্বো চ্যাম্পিয়নশিপ ২০২৬’ আয়োজন ও এতে বাংলাদেশের অংশগ্রহণ।
সভায় ইশরাক হোসেন বলেন, মার্শাল আর্ট যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলা ও মার্শাল আর্টের মাধ্যমে তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব। বিশেষ করে নারীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষায় সক্ষম করে তোলা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
সাধারণ সম্পাদক মাহফুজ হাসান বলেন, মার্শাল আর্টকে শুধু ঢাকা বা বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে এর প্রশিক্ষণ ও কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে দেশের সব যুবক ও তরুণকে সম্পৃক্ত করে একটি সুসংগঠিত মার্শাল আর্ট আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সভায় উপস্থিত সদস্যরা বাংলাদেশের মার্শাল আর্টের সার্বিক উন্নয়ন, নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।